বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে মো. মঞ্জুর (৩৮) নামে এক মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের রামপুরা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী এ দণ্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার বিকেলে রামপুরা মোড় এলাকায় এক ব্যক্তি মাদক সেবন করছেন এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় মো. মঞ্জুরকে আটক করা হয়। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।