• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

তাপমাত্রা ৫৫ ডিগ্রি উঠতে পারে, এমন পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক / ১৭ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

উচ্চ তাপমাত্রা ও তাপপ্রবাহ মোকাবিলায় করণীয় সংক্রান্ত একটি বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল ডিফেন্সের বার্তা হিসেবে ছড়ানো হয়েছে। তবে, এমন কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৫ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির এ তথ্য জানান।

তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে আমাদের কথা হয়েছে, যে বার্তাটি তাদের নামে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছে তারা।

তরিফুল নেওয়াজ কবির বলেন, ডিরেক্টরেট জেনারেল অব সিভিল ডিফেন্স নামে ভারতে একটা অধিদপ্তর আছে সম্ভবত। রাজস্থান বা ওই অঞ্চলের দিকে যে মরুভূমি আছে, সেখানে তাপমাত্রা অনেক উঠে যায়। তাদের কোনো বার্তা হতে পারে। কিন্তু আমাদের দেশে তাপমাত্রা ৪৫-এর উপরে ওঠেনি। এ পর্যন্ত রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস, সেটা ১৯৭২ সালে। আমাদের দেশে এখন ৫৫ ডিগ্রি সেলসিয়াসের কথা তো চিন্তাও করা যায় না।

এদিকে, উচ্চ তাপপ্রবাহ নিয়ে কোনো সতর্ক বার্তা দেয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানিয়েছেন, ডিরেক্টরেট জেনারেল অব সিভিল ডিফেন্সের বরাত দিয়ে যে বার্তাটি প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর। আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি এবং এ সময় করণীয় বিষয়ে যে তথাকথিত সতর্কতা বার্তা প্রচার করা হচ্ছে, সেটি ফায়ার সার্ভিস কর্তৃক জারি করা হয়নি।

এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category