• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

গাবতলীতে আর হবে না যানজট, আন্তঃজেলা বাস যাবে বাইপাস হয়ে

নিজস্ব প্রতিবেদক / ১২ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম বলেছেন, আন্তঃজেলা বাস সোজা বাইপাস হয়ে গাবতলী চলে যাবে এবং কিছুটা হলেও যানজট নিরসনের মাধ্যমে এ বছর ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে। আশা করা যায়, গাবতলীতে যানজট হবে না।

তিনি বলেন, আসন্ন ঈদে গাবতলী রুটে যানজট মুক্ত করে জনদুর্ভোগ লাঘবের মাধ্যমে জনগণকে স্বস্তিদায়ক ঈদ যাত্রা উপহার দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে গাবতলী বাস টার্মিনাল বাইপাস সড়ক নির্মাণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) গাবতলী ইন্টারসেকশন হতে গাবতলী বাস টার্মিনাল পর্যন্ত ডেলিগেটেড বাস চলাচলের জন্য নির্মিত বাইপাস সড়ক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন, এই বাইপাস সড়ক প্রধানমন্ত্রীর উদ্বোধন করার কথা থাকলেও ঈদের কারণে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজ (বৃহস্পতিবার) উদ্বোধন করা হয়েছে। বাইপাস সড়কের পশ্চিম পাশে পরিচ্ছন্ন কর্মীদের জন্য নির্মিত ১৬ তলার সোসাইটি উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এই রাস্তা দিয়ে হেঁটে যাবেন।

প্রশাসক বলেন, টেকনিক্যাল মোড় হয়ে বাংলা কলেজের ইউটার্নের কারণে গাবতলী বাস টার্মিনালে সর্বদা যানজট লেগে থাকে। যানজট নিরসনে ট্রাফিক বিভাগের অনুরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ দিন-রাত কাজ করে অল্প সময়ের মধ্যেই এই সড়ক নির্মাণ সম্ভব হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক জানান, গাবতলী পশুর হাটের কারণে যানজট হবে না। কারণ, ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে কয়েকবার যৌথ সভার মাধ্যমে পশুর হাট ইজারাদারদের সমন্বয়ে নির্দেশিত শর্তের আলোকেই এ বছর কোরবানির পশু ক্রয়-বিক্রয় হবে। তারা ছোট ছোট ট্রাকে পশু নামাবে এবং প্রধান সড়কে দাঁড়াবে না।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ডিএনসিসির ৯ নম্বর ওয়ার্ডের গাবতলী ইন্টারসেকশন হতে গাবতলী বাস টার্মিনাল পর্যন্ত ডেলিগেটেড বাস চলাচলের জন্য নির্মিত বাইপাস সড়ক প্রকল্পের আওতায় ডিএনসিসির প্রকৌশল বিভাগ ২৫০ মিটার সড়ক, নর্দমা, ফুটপাত, মিডিয়ান ও ৫০০ মিটার বাউন্ডারি ওয়াল নির্মাণ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টি, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category