বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর উত্তরা পূর্ব থানার মাহমুদুল হাসান নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে মামলায় ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ও বহিষ্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছেরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আশরাফুল আলম।
আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে এই মামলার ঘটনার সঙ্গে মো. আফজাল নাছের জড়িত বলে জানা গেছে। তদন্তকালে আরও জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার নির্দেশে ব্যাপক সন্ত্রাসী কার্যক্রম চালানো হয়। মামলার ঘটনার মূল রহস্য উদঘাটন, সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি মো. আফজাল নাছেরকে নিবিড়ভাবে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়া একান্ত প্রয়োজন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন সেফাতুল্লাহর আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান।
গত ৩০ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়। এরপর বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক থানার মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হয়।
মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট মাহমুদুল হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেন। বিকেল ৪টার সময় উত্তরা পূর্ব থানার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে আজমপুর ফুট ওভার ব্রিজের নিচে পাকা রাস্তার ওপর আন্দোলনকারীরা পৌঁছালে আসামিসহ অজ্ঞাত আসামিরা বেআইনিভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের উদ্দেশ্যে গুলি বর্ষণ করেন। আসামিদের ছোড়া গুলিতে মাহমুদুল হাসানের শরীরে লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনার তার পরিবার থেকে তার মামা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন।