কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে ২ লাখ ৬০ হাজার ৬৮৫ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৮৭ লাখ ৬ হাজার ৫০০ টাকা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) থেকে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
নাফ নদীতে নৌকা থেকে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ নাফ নদী এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান চালায় ২ বিজিবি। অভিযানে একটি কাঠের নৌকা থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় এক কারবারি নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরএসও (RSO) এর সাথে সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
শীলখালী চেকপোস্টে প্রাইভেটকার থেকে ইয়াবা, চালক আটক
অন্যদিকে, ৬৪ বিজিবির শীলখালী চেকপোস্টে বুধবার (২২ জুলাই) রাতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়ির ইঞ্জিনের পাশে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার ৬৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় চালক চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা মো. ফরিদ (৪২) কে আটক করা হয়।
উলুবনিয়া থেকে পরিত্যক্ত বস্তায় ১ লাখ ৪০ হাজার ইয়াবা
একই ব্যাটালিয়নের পালংখালী বিওপির একটি টহলদল গত ২১ জুলাই রাতে হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে কারবারিরা বস্তা ফেলে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
এ বিষয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “সীমান্তে মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।”
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।