জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), সরকারি যানবাহন অধিদপ্তরের (পরিবহন পুল) পরিবহন কমিশনার, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলামকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. সাইফুল ইসলামকে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক হিসেবে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হয়েছে। তার চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হয়েছে। তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
খোন্দকার ফরহাদ আহমদ আগামী ৩০ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ওই দিন অপরাহ্নে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মো. আব্দুল হাইকে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার হিসেবে প্রেষণে পদায়ন করা হয়েছে। তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তিনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান পদে বদলির আদেশাধীন ছিলেন।
এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মো. খয়বর রহমানকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে পদায়নের লক্ষ্যে তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।