• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

একনেকে ৬ নতুন প্রকল্পসহ ১৫টি অনুমোদন হয়েছে: জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক / ৬ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৭টি প্রকল্প উত্থাপন করা হয়েছে, যার মধ্যে ১৫টি প্রকল্প অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ২০২৫-২৬ অর্থবছরের ১০ম একনেক সভা অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় সাশ্রয়ী হওয়া এবং জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতার কারণ তদন্ত করারও নির্দেশ দিয়েছেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, প্রকল্পের ব্যয় এবং এর প্রয়োজনীয়তা নিয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেন প্রতিটি প্রকল্পের ব্যয় যৌক্তিক হয় এবং তা নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাই করা হয়। এছাড়া প্রাণ-প্রকৃতি রক্ষা করে কীভাবে টেকসই উন্নয়ন করা যায়, সে বিষয়েও প্রধানমন্ত্রী বিশেষ পর্যবেক্ষণ দিয়েছেন।

তিনি বলেন, ‘একটা সিদ্ধান্ত এর আগে নেয়া হয়েছিল, যেগুলো চলমান প্রকল্প এবং যেসব প্রকল্প প্রস্তাবিত হয়েছে বিগত সময়ে, সেইসব প্রকল্পকে আমরা রিভিউ করব। অনেকগুলো প্রকল্প এমন অবস্থায় চলে এসেছে যে সেগুলোর হয়তো এখন আর প্রয়োজন নেই। তাই অপ্রয়োজনীয় প্রকল্প পরিহার করে ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার ওপর জোর দেয়া হয়েছে।’

আজকের সভার এজেন্ডায় থাকা ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি নিয়ে আলোচনা হয়েছে। অনুমোদিত এই প্রকল্পগুলোর মধ্যে ৬টি একদম নতুন প্রকল্প, ৭টি সংশোধনী প্রস্তাব এবং ৪টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির আবেদন ছিল। প্রতিমন্ত্রী জানান, অধিকাংশ প্রকল্প অনুমোদন পেলেও কয়েকটির ক্ষেত্রে বিশেষ শর্ত জুড়ে দেয়া হয়েছে। এছাড়া প্রায় প্রতিটি প্রকল্পের বিভিন্ন খাতের ব্যয় নিয়ে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।

প্রকল্প বাস্তবায়নে কেন দীর্ঘসূত্রিতা হয় এবং কেন সময়মতো কাজ শেষ হয় না, তা গভীরভাবে খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি মনে করেন, দীর্ঘসূত্রিতার ফলে প্রকল্পের ব্যয় যেমন বেড়ে যায়, তেমনি জনগণও সঠিক সময়ে কাঙ্ক্ষিত সুফল পায় না।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category