• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

‘পশু কিনে নির্বিঘ্নে বাসায় ফিরতে সহযোগিতা করবে ডিএনসিসি’

নিজস্ব প্রতিবেদক / ১৪ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

নির্বিঘ্নে যেন মানুষ পশু কিনে বাসায় ফিরতে পারে, সে বিষয়ে ডিএনসিসিসহ সংশ্লিষ্ট সব সংস্থা সার্বিক সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

সোমবার (২৫ মে) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গাবতলি গবাদি পশুর হাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, এবার কোরবানির ঈদ সামনে রেখে ঢাকা উত্তর সিটি করপোরেশন মোট ১১টি পশুর হাট ইজারা দিয়েছে। এর মধ্যে গাবতলির পশুর হাটকে স্থায়ী পশুর হাট হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও এক বছরের জন্য হাটটি ইজারা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সারপ্রাইজ ভিজিটে এসে হাটের সার্বিক ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, যান চলাচল এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। হাটে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা জাল নোট শনাক্তকরণসহ ক্রেতা-বিক্রেতাদের অর্থ লেনদেনে সহযোগিতা করছেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, আমরা দেখতে পেয়েছি বিভিন্ন এলাকা থেকে আসা গরু মূল সড়কে দাঁড়িয়ে যানজট সৃষ্টি করছে না। যানবাহনও সুন্দরভাবে চলাচল করতে পারছে। ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিতরা নিরলসভাবে কাজ করছেন।

তিনি আরও বলেন, হাটে ডিএনসিসির ভেটেরিনারি টিম কাজ করছে এবং পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি ডিএমপি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। হাটে ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে।

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের শর্তগুলো ইজারাদাররা যথাযথভাবে অনুসরণ করছে কিনা, তা মনিটরিং করতে ঈদের দিন পর্যন্ত আমাদের ভিজিট অব্যাহত থাকবে।

তিনি নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, নির্বিঘ্নে যেন মানুষ পশু কিনে বাসায় ফিরতে পারে, সে বিষয়ে ডিএমপি পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থা সার্বিক সহযোগিতা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category