বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনিক কুমার দাস নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে কোতোয়ালি থানায় ডিজিএফআই’য়ের সাবেক পরিচালক ও বহিষ্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছেরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৫ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন উত্তরা পূর্ব থানায় মাহমুদুল হাসান হত্যা মামলার তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরে কোতোয়ালি থানার হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক কেএম আবদুল শরিফুল ইসলাম।
প্রথমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাকে গ্রেপ্তার দেখান। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে রিমান্ড শুনানি শুরু হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে মহানগর দায়রা জজ আদালতের সামনে গেলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অতর্কিত গুলিতে আহত হন অনিক। তাকে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেন। ওই ঘটনায় ২০২৪ সালের ২১ নভেম্বর অনিক কুমার দাস বাদী হয়ে কোতোয়ালি থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
গত ৩০ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়। এরপর বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক থানার মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হয়।