রোববার শুরু হচ্ছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। এদিন সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ডিসি সম্মেলনের উদ্বোধন হবে।
এবার সম্মেলনে আট বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলা প্রশাসকের দেওয়া ৪৯৮টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো নিয়ে সম্মেলনে আলোচনা হবে।
শনিবার (২ মে) সচিবালয়ে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৬’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) মো. হুমায়ুন কবির এ তথ্য জানান। এসময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ডিসিদের দেওয়া ৫০টি প্রস্তাবগুলো তুলে ধরা হয়। প্রাপ্ত প্রস্তাবগুলোতে জনসেবা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা বৃদ্ধি, জনদুর্ভোগ কমানো, রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ, পর্যটনের বিকাশ, আইন-কানুন বা বিধিমালা সংশোধন, জনস্বার্থ সংরক্ষণের বিষয়গুলো অগ্রাধিকার পেয়েছে। সবচেয়ে বেশি ৪৪টি প্রস্তাব স্বাস্থ্যসেবা বিভাগ সংক্রান্ত বলে জানান অতিরিক্ত সচিব হুমায়ুন কবির।
সংবাদ সম্মেলনে তুলে ধরা ৫০ প্রস্তাব
• গাজীপুর জেলায় অর্থনৈতিক অঞ্চল স্থাপন করে শিল্পকারখানাসমূহকে একটি নির্দিষ্ট অঞ্চলে স্থানান্তর করা।
• ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রসমূহ পুনর্নির্মাণ/মেরামত, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করা।
• রংপুর বিভাগে এক হাজার শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতাল চালু করা।
• জেলা ও উপজেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্যের উন্নয়নে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ।
• হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসা বর্জ্য ও পয়ঃবর্জ্যের বিজ্ঞানসম্মত পরিশোধনাগার নির্মাণ।
• ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রসমূহে মিডওয়াইফারি পদ সৃষ্টি ও পদায়ন।
• সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (আইসিটি), সহকারী শিক্ষক (হিন্দু ধর্ম) এবং সহকারী শিক্ষক (গ্রন্থাগার বিজ্ঞান/গ্রন্থাগারিক) পদে নিয়োগ প্রদান।
• বাংলাদেশের সব দরিদ্র প্রতিবন্ধী শিক্ষার্থীর শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক ঘোষণা করা।
• বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারি ডোমেইন ব্যবহার করে ওয়েবসাইট তৈরি।
• কওমি মাদরাসা স্থাপনের জন্য নীতিমালা প্রণয়ন এবং মাদ্রাসাসমূহকে ওই নীতিমালার আওতায় আনা।
• সিলেট বিভাগের সব চা-বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন এবং বিদ্যমান নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ জাতীয়করণ।
• সব শিশুর শেখার চাহিদা বিবেচনায় একীভূত (ইনক্লুসিভ) কারিকুলাম, সময়সূচি ও মূল্যায়ন পদ্ধতি প্রণয়ন।
• দেওয়ানি আদালত ও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপিল মামলা দাখিলে তামাদি মওকুফ করা।
• প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে জিপি, এডিশনাল জিপি ও এজিপি নিয়োগ।
• স্থানীয় কৃষ্টি ও সংস্কৃতি সংরক্ষণে প্রতিটি জেলার শিল্পকলা একাডেমিতে কালচারাল আর্কাইভ স্থাপন।
• পর্যটন শিল্পকে আধুনিক ও যুগোপযোগী করতে পর্যটন এলাকাগুলোতে সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা গ্রহণ।
• নোয়াখালী জেলায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপন।
• সব ধরনের অর্থছাড় ১৫ এপ্রিলের মধ্যে সম্পন্ন করা।
• রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে নগদ অর্থ লেনদেনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে (যেমন চিকিৎসাসেবা প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান, আইনজীবী, শিক্ষা প্রতিষ্ঠান, বিআরটিএ অফিস, পাসপোর্ট অফিস, করপোরেট প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার, বাড়িভাড়া ইত্যাদি) ডিজিটাল লেনদেনের আওতায় আনার জন্য নীতিমালা প্রণয়ন।
• কৃষিপ্রধান জেলাগুলোতে স্থানীয় উদ্যোক্তা ও খামারিদের জন্য স্বল্পসুদে বৃহৎ আকারে ঋণ সুবিধা প্রদান।
• মা ইলিশ রক্ষা অভিযানের সময় ভিজিএফ চাল প্রদানের পাশাপাশি জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা।
• হাওড় অঞ্চলে স্থায়ী মৎস্য অভয়াশ্রম স্থাপন।
• রপ্তানিযোগ্য পণ্যের (সবজি, আম, পান ইত্যাদি) গুণগত মান পরীক্ষার জন্য অ্যাক্রেডিটেশন ল্যাব স্থাপন।
• জেলা পর্যায়ে খাদ্যদ্রব্য পরীক্ষার জন্য সমন্বিত পরীক্ষাগার প্রতিষ্ঠা।
• দেশীয় বাইসাইকেল শিল্পের বিকাশে স্থানীয় শিল্পকে প্রণোদনা প্রদান।
• কক্সবাজার জেলায় লবণ প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট স্থাপন।
• সিলেট-ওসমানী বিমানবন্দর সড়কের লাক্কাতুরা থেকে বিমানবন্দর পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ।
• ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আট লেনে উন্নীত করা।
• টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় খাদ্য সহায়তার পরিবর্তে নগদ অর্থ বরাদ্দ প্রদান।
• মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের চাকরি স্থায়ীকরণ এবং বেতন-ভাতা বৃদ্ধি।
• রিক্রুটিং এজেন্সিগুলোকে ঢাকা থেকে বিকেন্দ্রীকরণ করে জেলাভিত্তিক করা।
• পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় বিদেশি ভাষা শিক্ষাকেন্দ্র স্থাপন।
• বিভাগীয় পর্যায়ে একটি করে আধুনিক সমন্বিত বিজ্ঞান গবেষণাগার স্থাপন।
• জেলা পর্যায়ে গুজব ও ফ্যাক্ট-চেকিং সেন্টার স্থাপন।
• পার্বত্য অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে শতভাগ বিদ্যুতায়ন।
• জেলা পরিষদ ও পৌরসভার প্রকল্পসমূহের জন্য অনলাইন ডাটাবেজ তৈরি।
• পর্যায়ক্রমে দেশের প্রতিটি পৌরসভা ও ইউনিয়নে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র ও ওয়াটার প্ল্যান্ট নির্মাণ।
• পার্বত্য এলাকায় ইটভাটা বন্ধ করতে ইটের বিকল্প ব্যবহারের জন্য প্রকল্প প্রাক্কলন সংশোধন।
• জেলাভিত্তিক সমবায় সমিতির ডেটাবেজ তৈরি।
• ভূমিসংক্রান্ত সব আইন একত্রিত করে একটি সংকলন প্রণয়ন।
• ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ সংশোধন।
• পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র স্থাপন।
• পর্যায়ক্রমে প্রতি জেলায় ইনডোর স্টেডিয়াম স্থাপন।
• জেলা ও উপজেলা পর্যায়ে ক্লাইমেট রেজিলিয়েন্স ফান্ড এবং ক্লাইমেট রেজিলিয়েন্স ক্রাউড ফান্ড গঠন।
• জেলা কারাগার হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক ও জনবল নিয়োগ।
• দুর্গম এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বিদ্যালয়ে হোস্টেল স্থাপন এবং হোস্টেলে খাদ্য সহায়তা কর্মসূচি চালু করা।
• পরিবেশবান্ধব হলো ব্রিকস (হলো ব্লক) উৎপাদনে স্বল্পসুদে ঋণ প্রদান।
• সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা ২৫ শতাংশে উন্নীত করা।
• ভরাট হয়ে যাওয়া খাসপুকুর পুনঃখনন।
• ক্ষতিকর ও অনুপযুক্ত ওয়েবসাইটসমূহ চিহ্নিত করে বন্ধ করা।