• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

স্বামীর কোদালের কোপে প্রাণ গেলো স্ত্রী

জেলা প্রতিনিধি / ৩ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

খাগড়াছড়ির মানিকছড়ির পূর্ব গচ্ছাবিল এলাকায় স্বামীর কোদালের কোপে মাহিনূর আক্তার (২৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মাহিনূর আক্তার গোদাতলী এলাকার আবু তাহেরের মেয়ে। তিনি দুই সন্তানের জননী। তার স্বামী মো. আবুল কালাম পূর্ব গচ্ছাবিল এলাকার প্রয়াত নূর আলম শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া, বাগকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ধস্তাধস্তির সময় কোদালের আঘাতে মাহিনূরের মাথায় গুরুতর জখম হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে দাবি করেছেন স্বামী আবুল কালাম।

নিহতের স্বামী আবুল কালাম জানান, ধস্তাধস্তির সময় দুজনের হাতেই কোদাল ছিল। এক পর্যায়ে কোদালের আঘাত মাহিনূরের মাথায় লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। একই ধরনের বক্তব্য দিয়েছেন আবুল কালামের মা খাদিজা বেগমও।

তবে নিহতের বাবা আবু তাহের অভিযোগ করে বলেন, তার মেয়ে মাহিনূরকে পরিকল্পিতভাবে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মাহিনূরের স্বামী আবুল কালাম ও শাশুড়ি খাদিজা বেগম জড়িত বলে তিনি দাবি করেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামী আবুল কালামকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category