রাজধানীর গুলশানের একটি হাসপাতাল থেকে এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালের দিকে গুলশান–২ নম্বরের কন্টিনেন্টাল হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করা হয়। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।
গুলশান থানা–পুলিশের তথ্যমতে, এই ভারতীয় নারীর নাম শামীম সেলিম কাসিম (৬৬)। তিনি রাজধানীর বারিধারার পার্ক রোডের একটি বাসায় থাকতেন। আজ সকালে তাঁর পরিবারের লোকজন তাঁকে হাসপাতালটিতে নিয়ে আসেন। চিকিৎসকেরা জানিয়েছেন, হাসাপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, বিষয়টি হাসাপাতাল থেকে পুলিশকে জানানো হয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে শামীম সেলিম কাসিমের শরীরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাঁর শরীরের কিছু স্থানে হালকা দাগ দেখা গেছে। এগুলো পুরোনো নাকি নতুন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এবং বিস্তারিত তদন্ত শেষে এই নারীর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে
গুলশান থানা–পুলিশ বলছে, শামীম সেলিম কাসিম পরিবারের সঙ্গে থাকতেন বলে জানা গেছে। তাঁর বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।