মৌলভীবাজারের বড়লেখায় ঝড়-বৃষ্টির কারণে স্কুলে উপস্থিত হতে না পারায় তামিম হোসেন নামে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বেধড়ক বেত্রাঘাত করেন এক সহকারী শিক্ষক। পরে গুরুতর আহত ওই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) উপজেলার কুমারশাইল নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা ওই শিক্ষকের বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে আহত শিক্ষার্থীর বাবা নুর উদ্দিন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার (৮ জুন) তার ছেলে স্কুলে যেতে পারেনি। পরদিন মঙ্গলবার স্কুলে গেলে সহকারী শিক্ষক আব্দুস সালাম আগের দিন স্কুলে না যাওয়ায় বেধড়ক বেত্রাঘাত করেন। শিক্ষকের এই শারীরিক নির্যাতনে তার ছেলে অসুস্থ হয়ে পড়ে। বাড়িতে যাওয়ার পর ছেলের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত দেখে হতভম্ব হয়ে পড়েন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে বিকালেই ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নুর উদ্দিন আরও জানান, সহকারী শিক্ষক আব্দুস সালামের নির্যাতনে তার ছেলে গুরুতর অসুস্থ হয়ে এখনো হাসপতালে চিকিৎসাধীন। একজন শিক্ষক এভাবে ছাত্রদের অমানবিকভাবে নির্যাতন করতে পারেন তা অবিশ্বাস্য। খোঁজ নিয়ে জেনেছেন ওই শিক্ষক প্রায়ই শিক্ষার্থীদের ওপর মারাত্মক শারীরিক নির্যাতন করেন। এতে শিক্ষার্থীরা স্কুলে যেতে ভয় পায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবার লিখিত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দিতে উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছেন। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।