• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

প্রাথমিক স্তর থেকেই বিজ্ঞান-প্রযুক্তি দক্ষতার ভিত্তি শক্ত করা প্রয়োজন: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ১২ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের বিজ্ঞান, গণিত, প্রযুক্তি ও সমস্যা সমাধানমূলক দক্ষতার ভিত্তি শক্তিশালী করা প্রয়োজন।

রোববার (৭ জুন) সচিবালয়ে তুরস্কের দাতা সংস্থা টিকা’র প্রতিনিধি দলের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও সহযোগিতা বিষয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, তুরস্ক বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে যে অগ্রগতি অর্জন করেছে, বাংলাদেশও ভবিষ্যতে সেই পর্যায়ে পৌঁছাতে চায়। আমাদের লক্ষ্য হলো এমন একটি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে একজন ১০ বছর বয়সী শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ে প্রবেশের সময় আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার জন্য প্রস্তুত থাকবে।

তিনি বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সংস্কার উদ্যোগ তুলে ধরে বলেন, সরকার বর্তমানে শিক্ষক প্রশিক্ষণ, নতুন শিক্ষাক্রম প্রণয়ন, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল শিক্ষা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

ববি হাজ্জাজ আরও জানান, বাংলাদেশ ইতোমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে শিক্ষা প্রশাসন, কারিকুলাম উন্নয়ন, অবকাঠামো পরিকল্পনা এবং নন-ফরমাল শিক্ষা বিষয়ে জ্ঞান বিনিময় কর্মসূচি শুরু করেছে। একই ধরনের সহযোগিতা তুরস্কের সঙ্গেও গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন তিনি।

প্রতিনিধি দলে ছিলেন টিকা-এর ভাইস প্রেসিডেন্ট ড. আলি এরজান নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

এ সময় উভয় পক্ষ প্রাথমিক শিক্ষা খাতে সম্ভাব্য আর্থিক ও কারিগরি সহায়তা, মডেল স্কুল উন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষাবান্ধব অবকাঠামো নির্মাণ এবং জাতীয় শিক্ষা দর্শন ও পেডাগজিক্যাল পদ্ধতি বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের ওপর আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category