ছবি কিংবা গ্রাফিকসের কাজ করতে পছন্দ করেন বা করতেই হয়, তাদের জন্য সুখবর এসেছে। জনপ্রিয় গ্রাফিক সফটওয়্যার ক্যানভা উন্মোচন করেছে নতুন এআই সংস্করণ।
এটি যে কারও ছবি তৈরির করার পুরোনো অভিজ্ঞতা অনেকটা বদলে দেবে। ছবি তৈরি বা গ্রাফিকসের কাজের সঙ্গে যারা জড়িত, ক্যানভা তাদের কাছে অপরিচিত নয়।
বিশেষ ছবি সংগ্রহ করা বা এআই দিয়ে ছবি তৈরিতে ক্যানভা কমবেশি সবার কাছে সমাদৃত মাধ্যম। ক্যানভার গ্লোবাল হেড অব প্রোডাক্ট রবার্ট কাওয়ালস্কি বলেছেন, দক্ষিণ এশিয়ায় রয়েছে ক্যানভার চতুর্থ বৃহত্তম বাজার। গত চার মাসে এই প্ল্যাটফর্মে কোটির বেশি ইমেজ ডিজাইন করা হয়েছে। জনপ্রিয়তার ধারাবাহিকতা ধরে রাখতে উন্মোচন করা হয়েছে ক্যানভা এআই ২.০ সংস্করণ।
বিশ্লেষকদের ধারণা, ছবি তৈরির জন্য নতুন আসা এআই সংস্করণ গ্রাফিকস শিল্পে নতুন যুগের সূচনা করবে।
নতুন সংস্করণে যা থাকছে
ক্যানভার ফ্রন্টিয়ার এআই ল্যাবের দেখা মিলবে নতুন সংস্করণে, যা কোনো ছবিকে দৃশ্যত বাস্তবিক অভিজ্ঞতা দেবে। সাক্ষাৎকারে রবার্ট কাওয়ালস্কি বলেন, ক্যানভার সদ্য উন্মোচিত নতুন সংস্করণ যে কোনো ডিজাইনের সৃজনশীলতা বহু গুণ বাড়িয়ে দেবে। এতে রয়েছে এআই সুবিধা, ম্যাজিক চার্ট, ক্যানভা শিট ও কোডের মতো বিশেষ কয়েকটি ফিচার। তা ছাড়া ক্যানভার নতুন সংস্করণে কয়েকটি ভাষার সুবিধা পাওয়া যাবে। যে কেউ ইংরেজির সঙ্গে ছবি তৈরির জন্য নিজস্ব ভাষায় কমান্ড দিতে পারবেন।
লিভিং মেমোরি
ক্যানভার এআই ২.০ সংস্করণে রয়েছে লিভিং মেমোরি নামে বিশেষ ফিচার। এতে পুরোনো কোনো ডিজাইন স্ক্যান করে মেমোরি হিসেবে সংরক্ষণ করার সুবিধা রয়েছে। পরে কখনও প্রয়োজন হলে এর ব্যবহার করা যেতে পারে। নব্য
সংস্করণে নিরাপত্তার বিষয়ে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে বলে নির্মাতারা জানিয়েছে।
ফ্রি মডেল আপাতত থাকছে
নব্য সংস্করণে এআইর মানোন্নত ফিচার থাকলেও প্ল্যাটফর্মে বিনামূল্যে, অর্থাৎ সাবস্ক্রিপশন ছাড়া ছবি ডাউনলোডের আগের বরাদ্দ অপশনটি আপাতত বন্ধ হচ্ছে না। যে কেউ যখন খুশি এটি ব্যবহার করার সুবিধা নিতে পারবেন।
সংস্থাটি বলছে, সারাবিশ্বে কোটির বেশি গ্রাহক ক্যানভা ব্যবহার করেন। নতুন সংস্করণ আসার ফলে ফ্রিল্যান্স থেকে শুরু করে বেশ কিছু গ্রাফিকস খাতে অনেক সুবিধা পাওয়া যাবে।