ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও রাজধানীর উত্তরার প্রধান সড়কগুলোর ফুটপাত দখলমুক্ত রাখতে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, হকার ও বিভিন্ন ধরনের অবৈধ দখল উচ্ছেদ করা হয়।
অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তিন প্লাটুন সদস্য দায়িত্ব পালন করেন। পাশাপাশি উত্তরা ট্রাফিক বিভাগ ও ক্রাইম বিভাগের সদস্যরা উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন।
অভিযানে উত্তরা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুবেল হকের নেতৃত্বে ট্রাফিক বিভাগের সদস্যরা দায়িত্ব পালন করেন। এছাড়া উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহজাহান হোসেন পিপিএমের তত্ত্বাবধানে ডিএমপির সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ উত্তরার গুরুত্বপূর্ণ সড়কগুলোর ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী রাখতে এবং অবৈধ দখল ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।