পাকিস্তান তাদের সেরা যুদ্ধবিমান ‘জেএফ-১৭ থান্ডার ব্লক থ্রি’ সিমুলেটর বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে। সামরিক বিশ্লেষকরা এই ঘটনাকে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে ধারণা করছেন। গভীরভাবে ঢাকা-ইসলামাবাদের এই সামরিক সহযোগিতা পর্যবেক্ষণ করছেন আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকরা।
ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন অনুসারে, যুদ্ধবিমান হস্তান্তরের এই ঘটনাকে শুধুমাত্র সাধারণ উপহার হিসেবে দেখার সুযোগ নেই। বরং এটি হতে পারে দুই দেশের মধ্যে বিমান ক্রয়ের চূড়ান্ত চুক্তির আগের একটি বড় প্রস্তুতিমূলক পদক্ষেপ। এতে ভূ-রাজনৈতিক সময়কালও বাড়তি পর্যালোচনার জন্ম দিয়েছে। কারণ ক্রমবর্ধমান পাকিস্তান-বাংলাদেশ প্রতিরক্ষা সম্পর্ক এখন পরিবর্তিত ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা হিসাব-নিকাশ ও দক্ষিণ এশিয়ার সামরিক প্রতিযোগিতার নতুন ধারার সঙ্গে মিলে যাচ্ছে।
যুদ্ধবিমান আসার আগেই প্রশিক্ষণ ও পরিচালনার প্রস্তুতি হিসেবে সিমুলেটর হস্তান্ত করা হয়েছে। পাকিস্তান শুধু সাধারণ প্রশিক্ষণের জন্য কোনো সরল সিস্টেম নয়, বরং বাস্তব যুদ্ধ পরিস্থিতির উপযোগী পূর্ণাঙ্গ জেএফ-১৭ থান্ডার ব্লক থ্রি সিমুলেটর দিয়েছে। এই সিমুলেটরের মাধ্যমে যুদ্ধ পরিস্থিতির অনুশীলন, কৌশলগত মিশন প্রশিক্ষণ এবং আধুনিক যুদ্ধবিমান পরিচালনায় পাইলটদের প্রস্তুত করা সম্ভব হবে। পাশাপাশি নতুন বিমান বাহিনীর সক্ষমতা গড়ে তোলার কাজও সহজ হবে।
পাকিস্তান যে সিমুলেটরটি বাংলাদেশে পাঠিয়েছে, সেটি সাধারণ বা প্রাথমিক স্তরের কোনো প্রশিক্ষণ ব্যবস্থা নয়। বরং সম্পূর্ণ যুদ্ধকালীন মান বজায় রেখে তৈরি একটি পূর্ণাঙ্গ ‘জেএফ-১৭ থান্ডার ব্লক থ্রি’ সিমুলেটর। এই সিস্টেমটির মাধ্যমে পাইলটরা আসল যুদ্ধবিমানে ওঠার আগেই যে কোনো মিশন বা অভিযানের বাস্তবসম্মত মহড়া দিতে পারবেন।
এ ছাড়াও পাকিস্তান তাদের মুশাফ বিমান ঘাঁটি ও পাকিস্তান অ্যারোনোটিক্যাল কমপ্লেক্সে উন্নত প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাবও দিয়েছে বলে জানা গেছে। এই প্রশিক্ষণ শুধু নতুন বিমানে অভ্যস্ত হওয়ার সাধারণ কোর্সের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রস্তাবিত পাঠ্যক্রমে দূরপাল্লার আকাশযুদ্ধ বা ‘বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ (বিভিআর)’ যুদ্ধ কৌশলকেও গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রাখা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি মে মাসে ঢাকা সফরে পাকিস্তানের প্রথম আনুষ্ঠানিক এয়ার স্টাফ টকসে দেশটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এয়ার ভাইস মার্শালে আওরঙ্গজেব আহমেদ। তিনি পাকিস্তান বিমান বাহিনীর ডেপুটি চিফ অব এয়ার স্টাফ (অপারেশন্স), স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার ও জনসংযোগ বিভাগের মহাপরিচালকের দায়িত্বে রয়েছেন।
প্রতিনিধিদলে আরও ছিলেন গ্রুপ ক্যাপ্টেন মাহমুদ আলী খান, উইং কমান্ডার হাসান তারিক আজিজ, এয়ার কমোডর শাহ খালিদ ও আব্দুল গফুর বাজদুর। এতে বোঝা যায়, সফরটি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং সামরিক অভিযান ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের লক্ষ্যেও সাজানো হয়েছিল।
ওই বৈঠকে পাকিস্তান বিমান বাহিনীর কর্মকর্তারা ‘জেএফ-১৭ ব্লক থ্রি’ বিমানের বহুমুখী যুদ্ধ সক্ষমতার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন। বিশেষ করে ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া সংঘাতে ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধবিমানের তুলনায় জেএফ-১৭-এর কার্যকারিতা কেমন ছিল, সেই তুলনামূলক চিত্রও তারা বাংলাদেশের সামনে উপস্থাপন করেছেন বলে জানা গেছে।
বিশেষজ্ঞদের মতে, যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে পাইলটদের প্রশিক্ষণ ও নতুন বিমানে অভ্যস্ত করে তোলার প্রক্রিয়াই সবচেয়ে সময়সাপেক্ষ ধাপগুলোর একটি। তাই আগেভাগে সিমুলেটর হস্তান্তরকে গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হয়।
এর আগে, গত জানুয়ারিতে সিকিউরিটি ডিফেন্স জানায়, বাংলাদেশ বিমান বাহিনী ৪৮টি জেএফ-১৭ ব্লক থ্রি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার জন্য পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের সঙ্গে উচ্চ-পর্যায়ে আলোচনা করছে। ৪.৫ প্রজন্মের এই যুদ্ধবিমান ‘ফোর্সেস গোল ২০৩০’ পরিকল্পনার অধীনে কেনার পরিকল্পনা করছে বাংলাদেশ। এ বিষয়ে আলোচনার অগ্রগতি হয়েছে।
পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু বলেন, পাকিস্তান একটি বিস্তৃত প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীকে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে সুপার মুশাক প্রশিক্ষণ বিমান সরবরাহ এবং এ জন্য দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও সহায়তা ব্যবস্থাও গড়ে তোলা হবে। ফলে দুই দেশের আলোচনা শুধু বিমান সরবরাহে সীমাবদ্ধ থাকবে না, বরং দীর্ঘমেয়াদি পরিচালনা, প্রশিক্ষণ ও সক্ষমতা ধরে রাখার দিকেও গুরুত্ব পাবে।