গরমের দিনে ফ্যান ছাড়া এক মুহূর্তও যেন কল্পনা করা যায় না। তবে অনেক সময় চলন্ত ফ্যান থেকে খটখট, ঝনঝন বা অস্বাভাবিক শব্দ শোনা যায়। প্রথমে বিষয়টি সাধারণ মনে হলেও দীর্ঘদিন অবহেলা করলে ফ্যানের মোটর নষ্ট হওয়া থেকে শুরু করে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হতে পারে। তাই এমন শব্দের কারণ দ্রুত শনাক্ত করে সমাধান করা জরুরি। ফ্যানের খটখট শব্দের পেছনে নানা কারণ থাকতে পারে। কিছু সমস্যা ঘরেই সহজে সমাধান করা যায়, আবার কিছু ক্ষেত্রে দক্ষ টেকনিশিয়ানের সহায়তা নেওয়াই নিরাপদ।
ফ্যানের সবচেয়ে সাধারণ সমস্যাগুলোর একটি হলো ঢিলা স্ক্রু বা নাট-বল্টু। দীর্ঘদিন ব্যবহারের ফলে ব্লেড, কভার বা মোটরের বিভিন্ন অংশের স্ক্রু ঢিলা হয়ে যেতে পারে। এতে ফ্যান ঘোরার সময় কাঁপুনি তৈরি হয় এবং খটখট শব্দ শোনা যায়। এমন পরিস্থিতিতে প্রথমে ফ্যানের সুইচ বন্ধ করে ব্লেড ও কভার ভালোভাবে পরীক্ষা করা উচিত। এরপর স্ক্রু ড্রাইভার দিয়ে সব নাট-বল্টু শক্ত করে টাইট করে নিতে হবে।
অনেক সময় ফ্যানের ব্লেড বাঁকা হয়ে গেলে বা ভারসাম্য নষ্ট হলেও শব্দ হতে পারে। পরিষ্কার করার সময় অসাবধানতাবশত ব্লেড সামান্য বেঁকে গেলে ফ্যান ঘোরার সময় কম্পন তৈরি হয়। তাই তিনটি ব্লেড সমানভাবে সোজা আছে কি না তা পরীক্ষা করা জরুরি। কোনো ব্লেড নিচের দিকে ঝুঁকে থাকলে সাবধানে ঠিক করতে হবে। তবে বেশি ক্ষতিগ্রস্ত হলে নতুন ব্লেড ব্যবহার করাই ভালো।
ফ্যানের মোটরের ভেতরে থাকা বেয়ারিং পুরোনো হয়ে গেলে বা শুকিয়ে গেলে ঘর্ষণ বেড়ে যায়। তখন ফ্যান চালু করলে খটখট বা ঘষাঘষির মতো শব্দ হয়। এর পাশাপাশি ফ্যান ধীরে ঘোরা, অতিরিক্ত গরম হওয়া কিংবা ঘুরতে কষ্ট হওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। সাধারণত এই সমস্যার সমাধানে মোটরে তেল বা লুব্রিকেন্ট ব্যবহার করতে হয়। তবে মোটর খুলতে হয় বলে অভিজ্ঞ টেকনিশিয়ানের সাহায্য নেওয়াই নিরাপদ।
সিলিং ফ্যানের ক্যানোপি বা রড ঢিলা থাকলেও অস্বাভাবিক শব্দ হতে পারে। বিশেষ করে পুরোনো বাসাবাড়িতে এই সমস্যা বেশি দেখা যায়। অনেক সময় ক্যানোপি সিলিংয়ের সঙ্গে ঘষা খেলেও শব্দ হয়। তাই ফ্যানের রড, হুক ও ক্যানোপি ঠিকভাবে লাগানো আছে কি না তা পরীক্ষা করা উচিত।
দীর্ঘদিন পরিষ্কার না করলে ফ্যানের ব্লেড ও মোটরে ধুলাবালি জমে ভারসাম্য নষ্ট হতে পারে। এতে ফ্যান ঘোরার সময় কাঁপুনি ও শব্দ তৈরি হয়। তাই নিয়মিত শুকনো কাপড় বা ব্রাশ দিয়ে ব্লেড পরিষ্কার করা প্রয়োজন। তবে পরিষ্কার করার আগে অবশ্যই বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে হবে।
অনেক সময় ফ্যানের মোটরের ভেতরের কয়েল বা অন্যান্য যন্ত্রাংশে ত্রুটি দেখা দিলেও শব্দ হতে পারে। বিশেষ করে পুরোনো ফ্যানে এ ধরনের সমস্যা বেশি হয়। যদি শব্দের সঙ্গে পোড়া গন্ধ আসে, ফ্যান বারবার বন্ধ হয়ে যায়, অতিরিক্ত কম্পন তৈরি হয় বা স্পার্ক দেখা যায়, তাহলে দ্রুত টেকনিশিয়ান ডাকতে হবে।