আবহমান গ্রামবাংলার চিরচেনা লোকজ সংস্কৃতি ও গৃহস্থালি জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল বাঁশ ও বেতের তৈরি নানা তৈজসপত্র। মাগুরার শ্রীপুর উপজেলার গ্রামগঞ্জেও একসময় প্রতিটি বাড়িতেই দেখা মিলত বাঁশ ও বেতের নিপুণ কারুকাজে তৈরি ডালি, কুলা, চালুন, ধামা, চাটাই, খাঁচা ও মাছ ধরার নানা উপকরণ। কিন্তু আধুনিকতার ছোঁয়া এবং বাজারে সস্তা ও বাহারি প্লাস্টিক সামগ্রীর একচ্ছত্র আধিপত্যে আজ চরম অস্তিত্ব সংকটে পড়েছে এই প্রাচীন কুটির শিল্পটি। বাপ-দাদার পেশা আঁকড়ে ধরে রাখতে গিয়ে চরম আর্থিক অনটনে দিন কাটাচ্ছেন স্থানীয় কারিগররা।
সরকারিভাবে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণের ব্যবস্থা, আধুনিক নকশার ওপর কারিগরি প্রশিক্ষণ এবং উৎপাদিত পণ্য বিপণনের সঠিক ব্যবস্থা করা হলে তারা আবারও ঘুরে দাঁড়াতে পারবেন। পরিবেশবান্ধব এই ঐতিহ্যবাহী শিল্পটিকে টিকিয়ে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় কারিগর ও সংস্কৃতিপ্রেমীরা।
একসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ঋষিপাড়া ও নলুয়া সম্প্রদায়সহ শতাধিক পরিবার বংশপরম্পরায় বাঁশ ও বেত শিল্পের ওপর নির্ভরশীল ছিল। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির উঠানে বসে নারী-পুরুষ সবাই মিলে বাঁশ চিরে, বেত ছুলে নানা সামগ্রী তৈরি করতেন। উপজেলার সাপ্তাহিক হাট-বাজারগুলোতে-বিশেষ করে লাঙ্গলবাঁধ, শ্রীপুর সদর, খামারপাড়া, নাকোল, ওয়াপদা ও সাচিলাপুর হাটে এসব পণ্যের পসরা বসত। ধান কাটার মৌসুমে কিংবা গ্রামীণ মেলায় বাঁশের তৈরি ঢুলি, ওড়া, কুলা ও হাতপাখার চাহিদা ছিল তুঙ্গে। কিন্তু কালের বিবর্তনে সেই দৃশ্য আজ অনেকটাই ম্লান।
স্থানীয় কারিগর কানু বিশ্বাস বলেন, এই শিল্পের দুর্দশার পেছনে প্রধান দুটি কারণ হলো প্লাস্টিক পণ্যের সহজলভ্যতা এবং কাঁচামালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। বর্তমানে বাজারে প্লাস্টিকের ঝুড়ি, গামলা, চালুন ও আসবাবপত্র কম দামে এবং আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে। ক্রেতারাও স্থায়িত্ব ও কম দামের কথা ভেবে প্লাস্টিকের দিকেই ঝুঁকছেন।
তিনি আরও বলেন, উজাড় হয়ে যাচ্ছে বাঁশঝাড় ও বেতবন। যে বাঁশ একসময় ৮০ থেকে ১০০ টাকায় পাওয়া যেত, এখন তা কিনতে হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়। অন্যদিকে বেতের অবস্থা আরও করুণ। স্থানীয়ভাবে বেত প্রায় দুষ্প্রাপ্য হয়ে পড়ায় চড়া দামে দূর-দূরান্ত থেকে তা সংগ্রহ করতে হয়। ফলে উৎপাদন খরচ বাড়লেও বাজারে পণ্যের ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করেও একজন কারিগরের পক্ষে দৈনিক ৩০০ থেকে ৪০০ টাকা আয় করা কঠিন হয়ে পড়েছে, যা দিয়ে বর্তমান বাজারে সংসার চালানো প্রায় অসম্ভব। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় এবং সামাজিক মর্যাদার অভাবে নতুন প্রজন্ম আর এই পেশায় আসতে চাইছে না।
শ্রীপুরের প্রবীণ কারিগর নারায়ন চন্দ্র আক্ষেপ করে বলেন, সন্তানদের লেখাপড়া শিখিয়ে বা অন্য পেশায় দিয়ে তারা কোনোমতে টিকে থাকার চেষ্টা করছেন। অনেকেই বাপ-দাদার পেশা ছেড়ে ভ্যান চালানো, দিনমজুরি কিংবা ছোটখাটো ব্যবসার দিকে ঝুঁকছেন। এভাবে চলতে থাকলে আগামী এক দশকের মধ্যে শ্রীপুর থেকে এই ঐতিহ্যবাহী লোকশিল্পটি পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে।
পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, প্লাস্টিক বর্জ্য যেখানে মাটি ও নদীর পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করছে, সেখানে বাঁশ ও বেতের পণ্য শতভাগ পরিবেশবান্ধব ও পচনশীল। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে পণ্যে বৈচিত্র্য আনতে হবে। কেবল প্রথাগত কুলা-চালুনের মধ্যে সীমাবদ্ধ না থেকে আধুনিক গৃহসজ্জার সামগ্রী, ল্যাম্পশেড, ফুলদানি ও আসবাবপত্র তৈরির প্রশিক্ষণ দেওয়া গেলে শহুরে বাজারেও এর ব্যাপক চাহিদা তৈরি হতে পারে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, প্লাস্টিক পণ্যের দাপটে বাঁশ ও বেত শিল্পের তৈরি জিনিসপত্র বিলুপ্তের পথে। এই পেশায় কারিগররা ফিরতে চাচ্ছেন না, তারা যেন অন্য পেশায় না যেতে পারে আমাদের সর্বাত্মক চেষ্টা। আমরা বিভিন্ন সময় তাদের প্রশিক্ষণ, আর্থিক সহযোগিতা, স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে আসছি।