স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ওয়াশিংটন ডিসি বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াশিংটন ডিসি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহাদাত সোহরাওয়ার্দী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়াশিংটন ডিসি বিএনপির যুগ্ম সম্পাদক তুহিন ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন খোকন, আন্তর্জাতিক সম্পাদক ও সাংগঠনিক সমন্বয়ক (উত্তর ও দক্ষিণ আমেরিকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসির প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন খোকন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, জাতীয়তাবাদী দর্শন এবং দেশ গঠনে তাঁর অবদান আজও বাংলাদেশের জনগণকে অনুপ্রাণিত করে। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি শহীদ জিয়ার অর্থনৈতিক উন্নয়ন, কৃষি, শিল্প ও রাষ্ট্র পরিচালনায় তাঁর সুদূরপ্রসারী ভূমিকার ওপর বিস্তারিত আলোকপাত করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্ব, রাষ্ট্র পরিচালনার বিভিন্ন পদক্ষেপ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, গণতন্ত্র ও অর্থনৈতিক অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে।
বিশেষ অতিথি গোলাম মোর্তজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর অবদান এবং তৎকালীন রাজনৈতিক ও আঞ্চলিক বাস্তবতার বিভিন্ন দিক নিয়ে তথ্যভিত্তিক আলোচনা করেন। তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব, রাজনৈতিক প্রজ্ঞা এবং রাষ্ট্র পরিচালনায় গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ওয়াশিংটন ডিসি বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন; সহ-সভাপতি কাজী এম. রহমান, মিয়া মজনু এবং জাহিদ খান; ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আব্দুর মুকতাদির,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সালেহ মুনসুর পরশ; সদস্য গোলাম ফারুক কিরণ, জাহাঙ্গীর হোসেন, এ. জে. এম. হোসেন, এম. এ. কাইয়ুম, সালাউদ্দিন, তাওফিকুল ইসলাম, মিজানুর রহমান এবং কোষাধ্যক্ষ নূর হোসেন বাহাদুর।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মত্যাগ, দেশপ্রেম, জাতীয়তাবাদী আদর্শ এবং বাংলাদেশের উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওয়াশিংটন ডিসি বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির ও সদস্য শফিক মোল্লা।
সভাস্থলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসি বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত সকলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া জাগায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে নতুন প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে কাজ করবে ।