• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

এলডিপি থেকে বিএনপিতে নেতাকর্মীদের যোগদান, যা বললেন কর্নেল অলির ছেলে

নিজস্ব প্রতিনিধি / ৫ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছেড়ে সহস্রাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন।

শনিবার (০২ মে) বিকেলে উপজেলার কেরানিহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের বরণ করে নেওয়া হয়। তবে এই যোগদানকে ‘অপপ্রচার’ হিসেবে অভিহিত করে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের ছেলে ওমর ফারুক বলেছেন, আদর্শবান কর্মীদের নাম জড়ানোর এই চেষ্টা সফল হবে না।

কেরানিহাটের অনুষ্ঠানে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আগত নেতাকর্মীদের ফুল দিয়ে বিএনপিতে স্বাগত জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে এলডিপির বিপুলসংখ্যক নেতাকর্মী দল পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়েছেন। তারা বিএনপির আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিএনপিতে যোগ দেওয়া উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন বাজালিয়া ইউনিয়ন এলডিপির সভাপতি আনিছ সিকদার, ধর্মপুর ইউনিয়ন এলডিপির সভাপতি রিয়াদ কামাল ও খাগরিয়া ইউনিয়ন এলডিপির নেতা আমিরুজ্জামান। এ ছাড়া খাগরিয়া, কালিয়াইশ, কেঁওচিয়া, ধর্মপুর, বাজালিয়া ও পুরানগড় ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মী এদিন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এদিকে এলডিপির নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের এই বিষয়টিকে স্রেফ ‘অপপ্রচার’ বলে দাবি করেছেন এলডিপি চেয়ারম্যানের ছেলে ও চট্টগ্রাম-১৪ আসনে দলটির প্রার্থী ওমর ফারুক। তিনি বলেন, গণভোটের রায় উপেক্ষা করে জনগণের আস্থা ভঙ্গকারী রাজনীতির সঙ্গে এলডিপির আদর্শবান কর্মীদের নাম জড়ানোর অপচেষ্টা সফল হবে না। তার দাবি, সরকারি দল দেউলিয়া হয়ে এসব অপপ্রচার করছে।

ওমর ফারুক আরও বলেন, ‘দল ও জনগণের সঙ্গে বেইমানি করে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার রাজনীতি এলডিপির আদর্শের সঙ্গে কখনোই সামঞ্জস্যপূর্ণ নয়। জনগণ সব দেখছে, সময়মতো এর জবাব দেবে। ক্ষমতার দম্ভে বিভ্রান্তিকর অপপ্রচার করে মানুষকে আর বেশি দিন বোকা বানানো যাবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category