কক্সবাজারের উখিয়ার ৮-ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে নানা অনিয়ম, আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। ক্যাম্পে বসবাসরত সাধারণ রোহিঙ্গাদের একটি অংশ এই অভিযোগ তুলেছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিচার-শালিস ও ত্রাণ বিতরণসহ ক্যাম্পের বিভিন্ন কার্যক্রমে একচ্ছত্র প্রভাব বিস্তার করে আসছেন তিনি। তার বিরুদ্ধে সাধারণ বাসিন্দাদের ভয়ভীতি দেখানো, হয়রানি, মানব পাচার ও মাদক কারবারে জড়িত থাকা এবং নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধী চক্রের সঙ্গে যোগাযোগের অভিযোগও তুলেছেন কয়েকজন বাসিন্দা। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রশাসনিক তদন্ত বা আইনি প্রমাণ পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক বাসিন্দা জানান, তার আধিপত্যের কারণে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না। তাদের দাবি, নির্যাতনের ভয়ে ক্যাম্পে স্বাভাবিকভাবে কথা বলা কঠিন হয়ে পড়েছে।
এ পরিস্থিতিতে সাধারণ রোহিঙ্গারা ক্যাম্প ইনচার্জ (CIC) এবং এপিবিএন পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, অন্যথায় ক্যাম্পে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে।
এ বিষয়ে বক্তব্য জানতে হেড মাঝি এনায়েত উল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।