কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ জুবায়ের হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত হিসেবে আরএসও (রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন) এর কথিত কমান্ডার মুসা হারুনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাধারণ রোহিঙ্গারা।
স্থানীয় সূত্র ও সাধারণ রোহিঙ্গাদের অভিযোগ, মোহাম্মদ জুবায়ের হত্যার নেপথ্যে রয়েছেন আরএসও কমান্ডার মুসা হারুন। তাকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ করা হলেই এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটিত হবে। তাকে গ্রেপ্তার না করা হলে ঘটনার সত্যতা প্রমাণ হবে না বলেও মনে করছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোহিঙ্গা বাসিন্দা বলেন, “ক্যাম্পে দীর্ঘদিন ধরে আরএসও-র সন্ত্রাসী কার্যক্রম চলছে। মোহাম্মদ জুবায়েরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর মূল পরিকল্পনাকারী মুসা হারুন। প্রশাসনের কাছে আমাদের দাবি, অনতিবিলম্বে তাকে আইনের আওতায় আনা হোক।”
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, দ্রুত মুসা হারুনকে গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে।
এ ঘটনায় এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।