কক্সবাজারের উখিয়ায় বনভূমি জবরদখল করে গড়ে তোলা ৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ। এ অভিযানে প্রায় ৪ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উখিয়া রেঞ্জের আওতাধীন উখিয়া সদর বিটের মাসকারিয়া বিল ও দোছড়ি বিটের মোহাম্মদ আলিরঘোনা এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।
বনবিভাগ সূত্রে জানা গেছে, মাসকারিয়া বিল এলাকায় অভিযান চালিয়ে ৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এগুলো হলো- মিজান (পিতা: জাফর আলম), হাজিরপাড়ার সিরাজুল হক (পিতা: সেকান্দর), সফিকয়ারা এলাকার হোসেন আহম্মদ, ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল কাদের (পিতা: আবু বক্কর) ও দেলোয়ার (পিতা: আবু বক্কর) এর স্থাপনা। এছাড়া দোছড়ি বিটের মোহাম্মদ আলিরঘোনায় ফরিদের বাড়ির পাশে গড়ে তোলা আরও একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, মোছারখোলা বিট কর্মকর্তা দীপক চাকমাসহ বনবিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, “সরকারি বনভূমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বনভূমি রক্ষায় জবরদখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”