কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকের চালান ফেলে পালিয়ে যায় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরএসও (Rohingya Solidarity Organisation) এর সদস্যরা।
শুক্রবার (২৫ জুলাই) ভোর রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী সীমান্তের রহমতের বিল ও নাফ নদীর তীরবর্তী এলাকায় ৬৪ বিজিবির থাইংখালী বিওপির সদস্যরা এই অভিযান পরিচালনা করে।
৬৪ বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যে, নাফ নদী হয়ে আরএসও সদস্যদের মাধ্যমে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সীমান্তে কৌশলগত অবস্থান নেয়।
পরে কয়েকজন ব্যক্তি বস্তা মাথায় নিয়ে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা বস্তা ফেলে নাফ নদী সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ওই বস্তা তল্লাশি করে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি সূত্র আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জব্দকৃত ইয়াবাগুলো আরএসও সদস্যদের। তারা দীর্ঘদিন ধরে নাফ নদীকে ব্যবহার করে মাদক পাচার, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। নাফ নদীতে তাদের নিয়মিত তৎপরতার খবর পাওয়া গেছে এবং সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে ৬৪ বিজিবির অধিনায়ক জানান, জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। সীমান্তে মাদক ও আরএসও-র অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও বাড়ানো হয়েছে। জব্দকৃত ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে এবং এ ব্যাপারে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।