• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু আজ

ডেস্ক রিপোর্ট / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিতব্য ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী নির্ধারিত থাকবে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোর জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সাম্প্রতিক সময়ে প্রশ্নপত্র গ্রহণ, উত্তরপত্র পূরণ ও প্রেরণে বিভিন্ন ধরনের ভুলত্রুটি পরিলক্ষিত হওয়ায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশ্নপত্র গ্রহণের সময় সঠিক কোড নিশ্চিত করতে হবে এবং ভুল প্রশ্নপত্র খোলা হলে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ইনভিজিলেটরদের উত্তরপত্র ও হাজিরাপত্র যথাযথভাবে যাচাই করে স্বাক্ষর করার নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তরপত্রের বান্ডেল তৈরিতে বিষয় ও কোডের মিল নিশ্চিত করা, বহিষ্কৃত পরীক্ষার্থীর রিপোর্ট সঠিকভাবে পাঠানো এবং কোনো পরীক্ষার্থী যেন উত্তরপত্র নিয়ে যেতে না পারে সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে।

ভুয়া পরীক্ষার্থী প্রতিরোধে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ছাড়া কাউকে পরীক্ষায় অংশ নিতে না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নকল প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতা নেওয়ার কথাও জানানো হয়েছে। পরীক্ষার পরিবেশ বিঘ্নিত হলে প্রমাণসহ গোপনীয় প্রতিবেদন পাঠাতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে বলেও জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অনিবার্য কারণে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের ক্ষমতা তাদের সংরক্ষিত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category