রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে ২১ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বড় কাতল মাছ। মাছটির দাম ধরা হয়েছে ৪৩ হাজার টাকা। শনিবার (২ মে) বিকাল ৫টার দিকে দৌলতদিয়া পদ্মা নদীর মোহনায় জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে।
কৃষ্ণ হালদার জানান, শুক্রবার রাতে কয়েকজন মিলে নৌকা নিয়ে পদ্মা নদীর মোহনায় জাল ফেলে মাছ ধরার জন্য অবস্থান নেন। কিন্তু রাতভর কোনো মাছ না পাওয়ায় শনিবার বিকালে জালে জোরে ধাক্কা অনুভব করেন। তখন বুঝতে পারেন বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে জাল তুলতেই বিশাল একটি কাতল মাছ পাওয়া যায়।
তিনি আরও জানান, রাত সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে মোট ৪৩ হাজার টাকায় মাছটি কিনে নেন।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, এত বড় কাতল মাছ নদীতে খুব একটা দেখা যায় না। তবে ইদানিং মাঝে মাঝে এ ধরনের বড় কাতল মাছ ধরা পড়ছে।