• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

সৌদি আরবে পৌঁছেছেন ৪০ হাজারেরও বেশি হজযাত্রী

সবুজ বার্তা ডেস্ক / ১ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৪০ হাজার ৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শুক্রবার (১ মে) সকালে ঢাকার হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

হজ অফিসের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত মোট ১০১টি হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় অবতরণ করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৬টি ফ্লাইটে ১৮ হাজার ৯৯২ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৭টি ফ্লাইটে ১৪ হাজার ৪৫৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৪২ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। বাকি ৩৭ হাজার ৭৫৬ জন হজযাত্রী নির্ধারিত সময়ের মধ্যে ধাপে ধাপে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন। এখন পর্যন্ত ঢাকার সৌদি দূতাবাস থেকে ৭৮ হাজার ৩৪৬টি ভিসা ইস্যু করা হয়েছে। ৬৬০টি এজেন্সির তত্ত্বাবধানে এবারের হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বুলেটিনে আরও জানানো হয়, এ পর্যন্ত সৌদি আরবে মোট ৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এদের মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান। এছাড়া হজযাত্রীদের সহায়তায় সৌদি মেডিকেল টিম ৬ হাজার ৮৩২ জনকে এবং আইটি হেল্পডেস্ক ৮ হাজার ৮৩০ জনকে সরাসরি চিকিৎসাসেবা প্রদান করেছে।

এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আগামী ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category