জাতীসংঘ ঘোষিত আন্তর্জাতিক প্রবীণ দিবস- ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” সামনে নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলায় প্রবীণদের নিয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের নতুন ভবন হতে র্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ পুরাতন মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. আব্দুর রাজ্জাক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফারদিন মনীর অর্নব, উপজেলা মাধমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গণি, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, তথ্যসেবা কর্মকর্তা হুমাইরা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল কুদ্দুস, সাইফুল ইসলাম ঝন্টু, মাওলানা আবু সাইদ, শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা সকলকেই একমত পোষণ করে বলেন, পরিবারের প্রবীণ ব্যক্তির সেবাযত্ন নিশ্চিত করা ও পিতা-মাতাকে সম্মান দেওয়া। কেননা তাদের কারনেই আজ আমরা দুনিয়াতে আসতে পেরেছি। বক্তারা আশংকা প্রকাশ করেন সমাজে দিনদিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়েই চলেছে যেটা খুবই উদ্বেগের বিষয়। প্রবীণদের জন্য হাসপাতালসহ বিভিন্ন সেবাকেন্দ্রে আলাদা সেবার ব্যবস্থা করা যায় কিনা সেটাও তুলে ধরা হয়েছে প্রবীণদের বক্তব্যে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম তাদের কথার সাথে একমত পোষণ করে বলেন, প্রবীণ ব্যক্তিরা পিতা-মাতা তুল্য। তাদের সম্মান ও সেবা ক্ষেত্রে অগ্রাধিকারের বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা হবে।
আলোচনা শেষ প্রবীণদের মাথায় ক্যাপ পরিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।