বিশ্বকাপে চ্যাম্পিয়নের হাসি হাসবে ব্রাজিল, এমন দাবি করেছেন সেলেসাওদের সর্বশেষ বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু। প্রস্তুতির ঘাটতি থাকলেও আনচেলত্তির শিষ্যরা মাঠে তা পুষিয়ে নিতে পারবে বলে বিশ্বাস তার।
২৪ বছর ধরে শিরোপা খরায় রয়েছে ব্রাজিল। ২০০২ সালে দক্ষিণ কোরিয়ায় শেষবার বিশ্বকাপের শিরোপা জিতেছিল সেলেসাওরা। সেই দলের অধিনায়ক কাফু এবারও নিজ দেশকে নিয়ে আশাবাদী।
তিনি বলেন, এবার বিশ্বকাপ ৩২ বছর পর আবারও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে। এর আগেও মার্কিন মুলুকে ব্রাজিল শিরোপা জিতেছিল। তাই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে পারে বলে মনে করেন তিনি।
এবারের আসরে হেক্সা মিশন নিয়ে মাঠে নামছে ব্রাজিল। প্রথমবারের মতো ব্রাজিলের বাইরে থেকে কোচ নিয়োগ দিয়েছে সিবিএফ। তাই আনচেলত্তির ওপর বড় ভরসা রাখছেন কাফু।
ব্রাজিলের বিশ্বজয়ী সাবেক অধিনায়ক কাফু বলেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবারের আসরের অন্যতম ফেভারিট। তাদের অনেক তারকা ফুটবলার আছে, একজন দুর্দান্ত কোচ রয়েছেন। আমার চোখে এবার ব্রাজিলের বিশ্বকাপ জয়ের অনেক ভালো সম্ভাবনা রয়েছে। যদিও তাদের প্রস্তুতিতে কিছুটা ঘাটতি রয়েছে, তবে মাঠের ফুটবলে তারা তা পুষিয়ে নিতে পারবে বলে আমি বিশ্বাস করি।
এদিকে, আসন্ন বিশ্বকাপে আয়োজক যুক্তরাষ্ট্রের দলে ইনজুরিতে ছিটকে গেছেন গোলরক্ষক জোনাথন ক্লিন্সম্যান। সাবেক জার্মান কিংবদন্তি ইয়ুর্গেন ক্লিন্সম্যানের ছেলে জোনাথন ইতালির সিরি বি লিগে চেজেনার হয়ে ম্যাচ খেলতে নেমে ঘাড়ের হাড় ভেঙে ফেলেন। ফলে মৌসুমের বাকি সময়ের জন্য তিনি ছিটকে গেছেন। বাবা জার্মানির হয়ে খেললেও জোনাথন যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক দলে প্রতিনিধিত্ব করেছেন।
আসন্ন বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের টিকিটের পাশাপাশি ট্রেন টিকিটের দাম নিয়েও ব্যাপক আলোচনা চলছে। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামের রাউন্ড ট্রিপ ট্রেন টিকিটের দাম ১৩ গুণ বেড়ে ১৫০ ডলারে পৌঁছেছে।
তবে এর বিপরীতে মানবিক উদ্যোগ নিয়েছে ফিলাডেলফিয়া প্রশাসন। বিশ্বকাপের অন্যতম পৃষ্ঠপোষক এয়ারবিএনবির উদ্যোগে ম্যাচ শেষে সমর্থকদের জন্য ফ্রি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এই স্টেডিয়ামে ব্রাজিল ও ফ্রান্সের গ্রুপপর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, পুরোপুরি ফ্রি না হলেও দর্শকদের জন্য কম দামে ট্রেন টিকিটের ব্যবস্থা করেছে কানসাস সিটি ও ডালাস।