সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বাংলাদেশ নিয়ে এখনো বিভিন্ন ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির সব নেতাকর্মীদের একত্রে কাজ করতে হবে।
শনিবার (৩০ মে) বিকেলে শহরের আজাদী ময়দানে জেলা বিএনপির কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবার দেখানো পথ অনুসরণ করছেন। নির্বাচনের আগে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করছেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান এবং খাল খনন কর্মসূচি, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন,পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী চালুর বাস্তবায়ন করছে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের প্রধানমন্ত্রী যেমন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তেমন আমাদেরও দেশের জন্য অনেক কাজ করতে হবে।অতিতে আমাদের যা হয়েছে সেগুলোর দিকে না তাকিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।দল ক্ষমতায় বলে ঘরে বসে বসে স্বপ্ন দেখলে হবে না।আমাদেরকে গ্রামে ছুটে যেতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।সকল ভেদাভেদ ভুলে এক হয়ে দলবদ্ধ ভাবে সকলের পাশে দাঁড়ান আপনারা।সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে কাজ করেন।
তিনি আরও বলেন, আমাদের এই সমস্ত এলাকাতে মাদকের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, চারদিকে মাদকে ভরে গেছে। এই মাদককে নির্মূল করতে হবে। কারা মাদক বিক্রি করে, কারা মাদক খাই তাদের খুজে বের করতে হবে। তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে।
আলোচনা সভাতে জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ খালেদ পাভেল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম ,জেলা কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমান আইয়ুব, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু ও সদস্য এ মজিদ বিশ্বাস। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা।