চিংড়ি মাছ খুবই সুস্বাদু ও জনপ্রিয় একটি খাবার। বাজার থেকে কিনে এনে অনেকেই সরাসরি ফ্রিজে রেখে দেন। কিন্তু সঠিক নিয়ম না মানলে মাছের স্বাদ, গুণাগুণ এমনকি নিরাপত্তাও নষ্ট হতে পারে। বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ ও সঠিক পদ্ধতি অনুসরণ করলে চিংড়ি মাছ ৬ মাস পর্যন্ত ভালোভাবে সংরক্ষণ করা সম্ভব।
চিংড়ি মাছ সংরক্ষণের প্রথম ধাপ হলো ভালোভাবে পরিষ্কার করা। প্রথমে মাছের খোসা, মাথা ও ভেতরের নাড়িভুঁড়ি পরিষ্কার করতে হবে। এরপর ঠান্ডা পানিতে ২-৩ বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। চাইলে সামান্য লবণ বা লেবুর পানি ব্যবহার করলে দুর্গন্ধ দূর হয়। পরিষ্কার মাছই দীর্ঘদিন সংরক্ষণের জন্য সবচেয়ে উপযোগী।
অনেকে একটি এয়ারটাইট বক্সে মাছ রেখে সামান্য পানি দিয়ে ফ্রিজে রাখেন। এতে কিছুটা সময় মাছ ভালো থাকে, তবে দীর্ঘমেয়াদে এটি সেরা পদ্ধতি নয়। বরং সঠিকভাবে শুকিয়ে ও প্যাক করে রাখা বেশি নিরাপদ।
চিংড়ি মাছ দীর্ঘদিন ভালো রাখতে চাইলে হালকা সিদ্ধ করে রাখা একটি কার্যকর পদ্ধতি। প্রথমে পরিষ্কার করা চিংড়ি মাছ লবণ পানিতে ২-৩ মিনিট সিদ্ধ করতে হবে। বেশি সময় সিদ্ধ করলে মাছ শক্ত হয়ে যায় এবং স্বাদ নষ্ট হয়। সিদ্ধ করার সময় অতিরিক্ত মসলা ব্যবহার না করাই ভালো। শুধু সামান্য লবণ যথেষ্ট। এরপর পানি ঝরিয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে।
ঠান্ডা হলে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে। এই সিদ্ধ করা মাছ পরবর্তীতে ভাজা বা ঝোল রান্নায় খুব সহজে ব্যবহার করা যায় এবং সময়ও বাঁচে। তবে একবার বের করার পর পুরোটা রান্না করে ফেলতে হবে, বারবার ডিফ্রস্ট করা যাবে না। এতে মাছের স্বাদ ও গঠন নষ্ট হয়ে যায়।