চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত ১১ বছর বয়সি রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত শুক্রবার থেকে রেশমী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিল।
গত বৃহস্পতিবার রাতে রৌফাবাদ শহীদ মিনার গলিতে দুর্বৃত্তদের গুলিতে রাজু নামের এক যুবক নিহত হন। এ সময় রেশমীও গুলিবিদ্ধ হয়।
পরিবার সূত্রে জানা যায়, বাসা থেকে বের হয়ে পান কিনতে যাওয়ার সময় গুলি তার বাম চোখে লাগে।
প্রথমে নগরের একটি বেসরকারি হাসপাতালে রেশমীর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় নিহত রাজুর মায়ের করা মামলায় পুলিশ এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে।