• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে, প্রয়োজনে আদালতে যাবো: পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি / ১৪ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) বিষাক্ত বর্জ্যের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

ক্ষয়ক্ষতির তীব্রতা বিবেচনা করে তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে এবং প্রয়োজনে তিনি এই লড়াইয়ে কৃষকদের পক্ষে আদালতে যেতেও প্রস্তুত।

রোববার কুমিল্লা সদর উপজেলার বিজয়পুর মহিলা কলেজ মাঠে ইপিজেডের বিষাক্ত বর্জ্যে ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় পরিবেশমন্ত্রী নিজের সরেজমিনে পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমি গুনইঙ্গাজুরি খালের বিষাক্ত পানি স্বচক্ষে দেখলাম এবং আমার খুব মন খারাপ হলো। পরিবেশের পরিস্থিতি এমন হওয়ার কথা ছিল না। ইপিজেডের বর্জ্যের কারণে মানব পরিবেশ ও কৃষি এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না।

মন্ত্রী জানান, দেশের অর্থনৈতিক উন্নয়নে ইপিজেডের যেমন প্রয়োজন রয়েছে, তেমনি জনস্বাস্থ্য ও কৃষির সুরক্ষায় সুষ্ঠু পরিবেশের প্রয়োজনীয়তাও সমভাবে গুরুত্বপূর্ণ।

মন্ত্রী আরও বলেন, আপনাদের খালের পানি যেন দূষিত না হয় সেটা দেখভালের দায়িত্ব আমার। আমি আমার দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবো। আমি যদি দায়িত্ব পালন না করি তাহলে আমিতো এ রাস্তা দিয়েই যাতায়াত করি, আপনারা আমার গাড়ি আটকে দেবেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৬ (সদর, সদর দক্ষিণ) আসনের এমপি মনিরুল হক চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কুমিল্লা মহানগর সভাপতি উদবাতুল বারী আবু, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, কৃষকদল সভাপতি মোস্তফা জামান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরীসহ ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category