• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

কুমিল্লায় জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

কুমিল্লার হোমনায় একটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে হোমনা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

গত সোমবার (২ জুন) বিকেলে হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। মঙ্গলবার (৩ জুন) হেলাল উদ্দিন সরকার নামের এক বিএনপি নেতা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন।

স্থানীয়রা জানান, গত সোমবার চান্দেরচর ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে একটি সভার আয়োজন করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এসময় বিএনপি নেতারা অফিসের সামনে সভা না করার অনুরোধ করতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও অফিস ভাঙচুর করার অভিযোগ ওঠে।

হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন বলেন, আমাদের দলীয় অফিসের সামনে জামায়াতে ইসলামীর নেতারা সভা করতে গেলে আমাদের নেতাকর্মীরা তাতে আপত্তি জানান। এরপরই জামায়াত নেতারা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে অফিসটি ভাঙচুর করে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। দলের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। আশা করছি প্রশাসন এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনবে।

কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, আমরা কখনও হানাহানির রাজনীতিতে বিশ্বাস করি না। যতটুকু শুনেছি একটি সভাকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি হয়েছে। কিন্তু কারও ওপর হামলা করে দলীয় অফিস ভাঙচুর করেনি আমাদের নেতাকর্মীরা। এসব অভিযোগ ভিত্তিহীন। পুলিশ সঠিক তদন্ত করলে সব তথ্য বেরিয়ে আসবে।

হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category