• সোমবার, ০৪ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

ওমর সানীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ হাসান জাহাঙ্গীরের

বিনোদন প্রতিবেদক / ২ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের গুঞ্জন ঘিরেই আলোচনায় এসেছিলেন মৌসুমী ও হাসান জাহাঙ্গীর। পরে জানা যায়, সেটি ছিল তাদের অভিনীত একটি কাজের প্রচারণা। সেই কাজ এবার আলোর মুখ দেখছে। ওয়েব সিরিজ হিসেবে শুটিং হলেও, পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে এটি। এ নিয়ে দ্বন্দে জড়িয়েছেন ছবিটির পরিচালক হাসান জাহাঙ্গীর ও অভিনেত্রী মৌসুমীর স্বামী ওমর সানী।

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের ওই সিনেমাটি আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ওয়েব সিরিজ হিসেবে এর শুটিং শুরু হয়েছিল। এতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেছেন হাসান জাহাঙ্গীর। তবে ছবি মুক্তির ঘোষণা দিতেই স্বামী ওমর সানীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেছেন হাসান জাহাঙ্গীর।

ওমর সানী ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওর একটি অংশে মৌসুমীর অডিও শোনা যায়। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ছিল একটি নাটক, বড় হয়ে যাওয়ায় সেটি টেলিফিল্ম হিসেবে চালানোর কথা জানায়। সেটা কীভাবে সিনেমা হয়ে গেল, বুঝতে পারছি না। ঘটনায় হাসান জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ওমর সানী।

বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে হাসান জাহাঙ্গীর মুঠোফোনে জাগো নিউজকে বলেন, ‘মৌসুমীকে চাপ দিয়ে আমার বিরুদ্ধে বক্তব্য নিয়েছেন ওমর সানী। তিনি এই প্রোডাকশনের সঙ্গে জড়িত নন।

তিনি প্রমাণ করুক এটা সিনেমা নয়? সব সমিতি আমাকে ফোন করেছিল, আমি তাদের বিস্তারিত জানিয়েছি। সানী ভাই সিনেমা রিলিজের আগে তৃতীয় পক্ষের মাধ্যমে আমার কাছে চাঁদা দাবী করেছেন। তিনি তার ব্যবস্থা নিক, আমারটা আমি নেবো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার সঙ্গে যোগাযোগ করবে।’

আজ (৩ মে) রোববার বাংলাদেশ সময় সন্ধ্যায় হাসান জাহাঙ্গীর জাগো নিউজকে আরও বলেন, ‘সানী ভাইয়ের প্রতি আমার যে শ্রদ্ধা ছিল, তা তিনি নষ্ট করলেন। ৩ কোটি টাকা খরচ হয়েছে আমার। তার কারণে যদি কেউ সিনেমাটা না নেয়, আমি তার বিরুদ্ধে ৬ কোটি টাকা মানহানির মামলা করবো। তিনি আমাকে হুমকিও দিচ্ছেন!’

মৌসুমী প্রসঙ্গে হাসান জাহাঙ্গীর বলেন, ‘মৌসুমী ম্যাডামের সম্মান ওয়ার্ল্ডওয়াইড, তিনিও আমাকে সম্মান করেন। পারস্পারিক এই সম্মানের কারণে আমরা এত কাজ করতে পেরেছি। এত স্ক্যান্ডাল ছড়ালো, তিনি কিন্তু আমাকে কিছুই বলেননি। তাকে দিয়ে আমি ওয়েব সিরিজও করারাম, তিনি তো কিছু বলেননি। আমাদের দেশের ছেলেরা বিদেশে গিয়ে বিপদে পড়ে, এসব নিয়ে চমৎকার একটা গল্পের সিনেমা করেছি আমরা।

গত মার্চ মাসে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। দেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডাসহ আরও কয়েকটি দেশে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। প্রায় দুই বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মৌসুমী অভিনীত নতুন কোনো সিনেমা। এর আগে ২০২৪ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘সোনার চর’।

হাসান জাহাঙ্গীরের দাবী প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে ওমর সানীকে ফোনে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category