অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেএমএস) বিভাগের উদ্যোগে আন্তঃব্যাচ ‘JMS Mini Football Tournament 2026’ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন ট্যার্ফ টেন্টে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম বিভাগের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের মানসিকভাবে চাঙ্গা রাখে এবং তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে ট্যার্ফ টেন্টের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের আশ্বাস প্রদান করেন।
এ সময় বিভাগের অ্যাডভাইজর জনাব আলমগীর স্বপন মাঠে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহশিক্ষামূলক কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। তাই বিভাগ ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।
টুর্নামেন্টে বিভাগের কোঅর্ডিনেটর জোবায়ের আহমেদ, প্রভাষক কেয়া বোস এবং প্রভাষক ফরহাদ আলম শেষ পর্যন্ত মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা জোগান।
দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে থান্ডার ব্ল্যাজ (Thunder Blaz) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় ফনিক্স স্টর্ম (Phoenix Storm)। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।
জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এর শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের পারস্পরিক সম্প্রীতি, নেতৃত্বের গুণাবলি, দলগত কাজের মনোভাব এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তুলতেই এ ধরনের সহশিক্ষামূলক আয়োজন নিয়মিতভাবে পরিচালনা করা হবে।