সুনামগঞ্জের ছাতকে পাওনা টাকা আদায় করতে গালিগালাজ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমনকি রাতের আঁধারে উভয় পক্ষের লোকজন টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ অব্যাহত রাখে।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জাউয়া বাজারে সংঘর্ষ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাউয়া বাজারের নিকটবর্তী খিদ্রাখাপন গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান আখলুছ মিয়ার কাছে ২০ লাখ টাকা পেতেন জাউয়া কোনাপাড়ার মোহাম্মদ আলী। বারবার তাগিদ দিয়ে টাকা আদায় করতে পারেননি মোহাম্মদ আলী। দুদিন আগে আখলুছ মিয়াকে গালিগালাজ করেন মোহাম্মদ আলী। বিষয়টি শুনে তাকে জাউয়া বাজারে মারধর করেন আখলুছ মিয়ার লোকজন।
এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে আখলুছ মিয়ার লোকজনকে মারধর করেন মোহাম্মদ আলীর লোকজন। এ নিয়ে শুক্রবার সন্ধ্যার পরে উভয় পক্ষের লোকজন সুনামগঞ্জ-সিলেট সড়কের জাউয়া বাজারে সংঘর্ষ জড়িয়ে পড়েন। রাতের আঁধারে টর্চ ইট জ্বালিয়ে সংঘর্ষ অব্যাহত রাখেন তারা। এসময় সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পূর্ব বিরোধ নিয়ে দুই পক্ষের লোকজন জাউয়া বাজারে সংঘর্ষ জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।