রাজধানী ঢাকার শ্যামপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ভ্যানগাড়ি উল্টে চালক নিহত হয়েছেন।
রোববার (১৭ মে) বিকেলে ধোলাইপাড়ে জালালাবাদ হামিদা সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে ওই ভ্যানচালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির নাম মো. শফিকুল ইসলাম (৪০)। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রাজনগর গ্রামের শহীদ আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে সবুজবাগের বাসাবো খেলার মাঠের পাশে থাকতেন।
শফিকুলকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মিজান জানান, শ্যামপুরে দ্রুতগতির একটি অটোরিকশার সঙ্গে শফিকুলের ভ্যানগাড়ির সংঘর্ষ হয়। এতে ভ্যানটি উল্টে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।