খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালিয়েছে গ্রামবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা ১০ রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোড়ে।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম ও থানার ওসি মো. নাজির আলমসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ মে) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ইউএনওর নিরাপত্তায় নিয়োজিত চার আনসার সদস্য মো. সালাহ উদ্দিন (৩৮), নুর মোহাম্মদ-১ (২৫), নুর মোহাম্মদ-২ (৩৩) ও খোরশেদ আলম (৩৭)।
এছাড়া ইউএনও অফিসের স্টাফ আব্দুল ওহাব জুয়েল (৩০), ইউএনওর গাড়িচালক কামাল উদ্দিন (৪০), উপজেলা পরিষদের স্টাফ হারুন (৪৫), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস স্টাফ জয়নাল আবেদীন (৪২), পৌরসভার স্টাফ সিহাব উদ্দিন (২৬), গ্রামবাসী নুর হোসেন (১৯), সুমন ত্রিপুরা (২২), আজাদ (২৫) ও আবুল হাসান (৩০) আহত হন। আহত চার গ্রামবাসী রাবার বুলেটে আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।