বিরিয়ানি মানেই সাধারণত মসলাদার, সুগন্ধি আর ঐতিহ্যবাহী এক স্বাদের কথা মনে পড়ে। তবে খাবারের জগতে এখন চলছে নানা ধরনের ফিউশন রেসিপির ট্রেন্ড। আর সেই তালিকায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘চাইনিজ বিরিয়ানি’। নাম শুনে অবাক লাগলেও এটি আসলে বিরিয়ানি ও চাইনিজ ফ্লেভারের দারুণ এক সংমিশ্রণ। ফ্রাইড রাইসের হালকা ধোঁয়াটে স্বাদের এই পদটি হয়ে ওঠে একেবারে আলাদা।
যারা অতিরিক্ত ঝাল বা ভারী মসলার বিরিয়ানি পছন্দ করেন না, তাদের জন্য চাইনিজ বিরিয়ানি হতে পারে দারুণ একটি পছন্দ। বিশেষ করে শিশুদের কাছেও এই স্বাদ খুব জনপ্রিয়। ঘরোয়া উপকরণ দিয়েই সহজে তৈরি করা যায় এই খাবার।
প্রথমে চিকেন ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে চিকেনের সঙ্গে আদা-রসুন বাটা, সয়া সস, ভিনেগার, কর্নফ্লাওয়ার, ময়দা, গোলমরিচ গুঁড়া ও পরিমাণমতো লবণ মিশিয়ে নিন। সব উপকরণ ভালোভাবে মাখিয়ে প্রায় ২০ মিনিট মেরিনেট করে রাখুন, যাতে মসলার স্বাদ চিকেনের ভেতরে ভালোভাবে ঢুকে যায়।
এরপর কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে মেরিনেট করা চিকেনের টুকরোগুলো মাঝারি আঁচে সোনালি করে ভেজে তুলে রাখুন। অন্যদিকে একটি বড় হাঁড়িতে পানি ফুটিয়ে তাতে সামান্য লবণ ও অল্প তেল দিন। এবার আগে থেকে ভিজিয়ে রাখা চাল দিয়ে ৯০ শতাংশ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। ভাত পুরোপুরি সেদ্ধ করবেন না। এরপর পানি ঝরিয়ে ভাত আলাদা করে রাখুন, যাতে দানাগুলো ঝরঝরে থাকে।
এবার একটি বড় কড়াই বা প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা ভেজে নিন। তারপর গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি ও কাঁচামরিচ দিয়ে উচ্চ তাপে ১ থেকে ২ মিনিট নেড়ে ভাজুন। সবজিগুলো বেশি নরম করবেন না, হালকা ক্রাঞ্চি থাকলে স্বাদ বেশি ভালো লাগবে। এরপর এতে সয়া সস, চিলি সস, টমেটো সস, চিনি ও সামান্য লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার ভেজে রাখা চিকেন কড়াইয়ে দিয়ে সবজির সঙ্গে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন।
সবশেষে চিকেন ও সবজির মিশ্রণের ওপরে রান্না করা ভাত সমানভাবে ছড়িয়ে দিন। চাইলে ওপরে সামান্য গোলমরিচ গুঁড়া ছিটিয়ে দিতে পারেন। এরপর কড়াইয়ের ঢাকনা ভালোভাবে আটকে কম আঁচে ৫ থেকে ৭ মিনিট দমে রাখুন। দম হয়ে গেলে সব উপকরণ হালকা হাতে মিশিয়ে গরম গরম পরিবেশন করুন ।