দেশের আর্থিক খাতকে সঠিক পথে পরিচালনায় ব্যাংক রেজুলেশন আইন প্রয়োজন। তবে এটি কোনো দাতা সংস্থার শর্তে নয়, বরং সরকারের নিজস্ব উদ্যোগে করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১০ মে) সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানস ঝাটের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ব্যাংক রেজুলেশন কার্যকর করতে যা যা প্রয়োজন, বর্তমান সরকার তা করবে। ব্যাংক খাত আরও শক্তিশালী ও শৃঙ্খল কাঠামোয় আনতে ব্যাংক রেজুলেশন আইন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তিনি বলেন, নতুন ঋণ সহায়তা নিয়েও বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি আগামী বাজেটে বিশ্বব্যাংকের সম্ভাব্য সহায়তার বিষয়ও উঠে আসে বৈঠকে।
তবে বৈঠক শেষে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।