কক্সবাজারের উখিয়া উপজেলার সালংখালী ইউনিয়নের কুতুপালং এলাকায় মাদক ব্যবসার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে বিক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। অভিযুক্ত ব্যক্তির নাম মামুন, পিতা ইলিয়াস বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মিয়ানমার সীমান্তবর্তী এই এলাকায় ইয়াবা ও আইসসহ বিভিন্ন মাদকদ্রব্যের বিস্তার ঘটছে। তাদের দাবি, মামুনের নেতৃত্বে একটি চক্র এই কার্যক্রম পরিচালনা করছে। এলাকাবাসীর আরও অভিযোগ, বন বিভাগের জায়গা দখল করে তিনি বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন এবং তার আয়ের উৎস নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, তার নামে বিভিন্ন স্থানে অসংখ্য অভিযোগ রয়েছে। তার সাথে কোর্ট বাজারের সোহেল চৌধুরীসহ আরও কয়েকজন জড়িত রয়েছে বলেও তারা অভিযোগ করেন।
এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অভিযোগগুলো তদন্ত করে তার আয়ের উৎস খতিয়ে দেখা প্রয়োজন। তাকে দ্রুত আইনের আওতায় আনা না হলে সীমান্ত এলাকা থেকে সারাদেশে মাদকের বিস্তার আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
এ ঘটনায় এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।