বয়স মাত্র ১৫ বছর। কিন্তু এরই মধ্যে আইপিএলে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে বৈভব সূর্যবংশী। গতকাল মঙ্গলবার পাঞ্জাবের বিপক্ষে ঝোড়ো ইনিংসে আরও একটি রেকর্ড গড়েছে এই ওপেনার। ভেঙে দিয়েছে আন্দ্রে রাসেলের করা রেকর্ড।
আইপিএলে এক মৌসুমে দ্রুততম ৪০০ রান করার রেকর্ড এত দিন ছিল কেকেআরের রাসেলের। সেই রেকর্ড ভেঙে দিয়েছে বৈভব। ২০১৯ সালের আইপিএলে ১৮৮ বলে ৪০০ রান করেছিলেন রাসেল। বৈভব ১৬৭ বলেই সেটা করে দেখিয়েছে। অর্থাৎ রাসেলের থেকে ২১টি বল কম খেলেছে সে। যে গতিতে এগোচ্ছে, তাতে দ্রুততম হিসেবে ৫০০ রানের রেকর্ডও ভেঙে দিতে পারে সে।
পাঞ্জাবের বিপক্ষে ১৬ বলে ৪৩ রান করেছে বৈভব। শুরু থেকেই খেলেছে আগ্রাসী মনোভাব নিয়ে। অর্শদীপ সিংকে প্রথম ওভারেই একটি ছয় এবং দু’টি চার মারে বৈভব। এর পর লকি ফার্গুসনকে একই ওভারে একটি চার এবং দু’টি ছয় মারে। তার ইনিংসে মোট তিনটি চার এবং পাঁচটি ছক্কা ছিল।
আগের ম্যাচে হায়দরাবাদের কাছে হেরেছিল রাজস্থান। সেই ম্যাচে সেঞ্চুরি করলেও হারের জন্য নিজেকেই দায়ী করেছিল বৈভব। সে বলেছিল, ‘আজ ভালো খেলেছি। কিন্তু ওই শটটা খেলা একেবারেই উচিত হয়নি। যে শটে আউট হয়েছি ওটা আমার স্বাভাবিক শটই নয়। আমি চেয়েছিলাম বাড়তি কিছু করতে। সেটার জন্য হয়তো ২০ রান কম হয়েছে আমাদের। আমি উইকেটে থাকলে ম্যাচের পরিস্থিতি অন্য রকম হতে পারত।’