মাগুরার শ্রীপুরে ট্রাকের চাপায় মহম্মদ আলী নামে ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের মাদিয়াপাড়া গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। সে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কবির মণ্ডলের ছেলে। নিহত ওই শিশুটি মা-বাবা সাথে মাদিয়াপাড়া গ্রামের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নানা আকমল হোসেনের বাড়িতে বসবাস করতো। এ ঘটনায় ট্রাক ড্রাইভার বিপুল শেখকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। সে উপজেলার নাকোল ইউনিয়নের রায়নগর গ্রামের লাভলু শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাদিয়াপাড়া গ্রামের রাস্তায় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় শিশু মহম্মদ আলী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এ দূর্ঘটনার পর দ্রুতগামী ওই ট্রাকটি কালিনগর গ্রামের আসাদুজ্জামান নামে এক ব্যক্তির বাড়ির সামনে পাকা রাস্তার পাশের একটি গাছের সাথে সংঘর্ষ হয়। পরে ওই ট্রাক ড্রাইভার আসাদুজ্জামানের বাড়িতে আশ্রয় নেয়। পরে পুলিশ ড্রাইভার বিপুল শেখকে উদ্ধার করে শ্রীপুর থানায় হেফাজতে নিয়ে আসে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, ট্রাক ড্রাইভারকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।