রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আজ শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের বহুল প্রতীক্ষিত কনসার্ট। তবে শেষ মুহূর্তে সেটি বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ডটির ভোকালিস্ট জুনায়েদ ইভান।
শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ১৮ এপ্রিল ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অ্যাশেজের কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে না।
তিনি আরও জানান, আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে-অ্যাশেজ পারফর্ম করতে এলে সেখানে বিপুল সংখ্যক মানুষের সমাগম হতে পারে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। উন্মুক্ত ভেন্যু হওয়ায় জনসমাগম সামাল দেওয়া নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ভেন্যুর সীমিত পরিসর এবং প্রশাসনিক দিক বিবেচনায় নেওয়ার কথাও উল্লেখ করেন জুনায়েদ ইভান। তিনি বলেন, জায়গাটি তুলনামূলক ছোট হওয়ায় রাস্তায় ট্রাফিক ব্যবস্থায় বড় ধরনের সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে সতর্কতা জানানো হয়েছে।
ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তায় তিনি লেখেন, “আমাদের আর দেখা হলো না রবীন্দ্র সরোবরে। নিশ্চয়ই দেখা হবে অন্য কোথাও-কোনো উত্তাল সমুদ্র রাতে।”
উল্লেখ্য, চলতি মাসের শুরু থেকে শুক্রবার (১৭ এপ্রিল) পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোট ১২টি কনসার্ট করেছে অ্যাশেজ। পাশাপাশি আগামী জুনে ইতালির রোম, ভেনিস এবং ফ্রান্সের প্যারিসে ব্যান্ডটির পারফর্ম করার কথা রয়েছে।