পুরোনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিতে চাকমা সম্প্রদায়ের তিন দিনব্যাপী বিজু উৎসব আজ রোববার শুরু হয়েছে। আজ ভোর থেকে নদী, ছড়া, ঝরনাসহ বিভিন্ন স্থানে ফুল ভাসিয়ে শুরু হয় এই উৎসব। উৎসবের প্রথম দিনকে বলা হয় ‘ফুল বিজু’। এই দিনে পূজা-অর্চনার পাশাপাশি বাড়িঘর পরিষ্কার করে সাজানো হয়।পাহাড়ে বসবাসরত বিভিন্ন ক্ষদ্র নৃ-গোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান, চাংলান, পাতা, বিহু। বিভিন্ন জনগোষ্ঠী তাদের স্ব স্ব নামে, নিজেদের সংস্কৃতি ও বিশ্বাস থেকে এসব উৎসব উদযাপন করে থাকে।চৈত্র মাসের শেষ দুদিন এবং বৈশাখ মাসের প্রথম দিন এই তিন দিন মূল উৎসব উদযাপন হলেও পক্ষকালব্যাপী উৎসবের রেশ থাকে পাহাড়ে।মূল উৎসবের প্রথম দিন পানিতে ফুল ভাসানোর পর বাসায় গিয়ে ফুল ও নিমপাতা দিয়ে ঘর সাজান পাহাড়ের তরুণ-তরুণীরা। তারা বৃদ্ধ ঠাকুরদা-ঠাকুরমাকে স্নান করিয়ে তাদের কাছ থেকে আশীর্বাদ নেন।চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ ১৩ এপ্রিল উদযাপন করা হয় মূল বিজু। এদিন সকালে বুদ্ধমূর্তি স্নান করিয়ে পূজা করেন চাকমারা। চাকমাদের বিজুর প্রথম দিনের নাম ফুল বিজু। দ্বিতীয় দিন অর্থাৎ চৈত্রের শেষ দিন থেকে শুরু হয় খাওয়া-দাওয়া, অতিথি আপ্যায়নের মূল পর্ব। এদিন, ঘরে ঘরে চলে ঐতিহ্যবাহী পাঁজন আতিথেয়তা।