ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনের ক্যান্টিনে চলন্ত অবস্থায় ৪৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিক কে (২২) গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। গ্রেপ্তার সিদ্দিক নাটোরের লালপুরের আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে। মঙ্গলবার দুপুরে মামলা দায়ের পর সান্তাহার রেলওয়ে থানা পুলিশ তাকে বগুড়া আদালতে পাঠিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সকালে ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্ত:নগর ট্রেনে আসছিলেন ওই নারী যাত্রী। চলন্ত ট্রেনের মধ্যে খাবারের ক্যান্টিনে ওই যাত্রীকে ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগীর চিৎকারে ট্রেনের যাত্রীরা কেবিন থেকে তাকে উদ্ধার করেন এবং এরপর ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনাটি ঘটেছে বগুড়ার আদমদীঘি সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর এলাকায়। আর ভুক্তভোগী নারী ট্রেন যাত্রীর বাড়ি সিরাজগঞ্জে।
এ বিষয়ে জানতে চাইলে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন বলেন, ভুক্তভোগীর অভিযোগে ঘটনার সাথে পুলিশও জড়িত রয়েছেন। এ বিষয়টি তদন্ত করা হচ্ছে। তাছাড়া তিনি (ভুক্তভোগী) নিজেই বাদী হয়ে নারী শিশু আইনে মামলা দায়ের করার পর আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।