• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

‘শেষ গান’ আর শোনা হলো না কানাই দাসের

নিজস্ব প্রতিবেদক / ৯ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

১৮ এপ্রিল মারা গেছেন পশ্চিমবঙ্গের কানাই দাস বাউল। তাঁর কণ্ঠে যেমন ছিল বেদনা ও মানবতার দর্শন, তেমনি ছিল আধ্যাত্মিক গভীরতা। একতারা হাতে গ্রাম থেকে গ্রাম, মেলা ও আখড়ায় ঘুরে তিনি গেয়েছেন মানবতার গান ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’, ‘কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার’সহ বহু জনপ্রিয় গান।

গত বছর নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার জন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন কানাই দাস। কোনো সিনেমায় এটাই তাঁর প্রথম ও শেষ প্লেব্যাক। তবে সিনেমায় নিজের প্লেব্যাক শুনে যেতে পারলেন না কানাই দাস বাউল। এ নিয়ে মন খারাপ নির্মাতা মেজবাউর রহমান সুমনের। এ নিয়ে ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন তিনি।

‘হাওয়া’ সিনেমায় মেজবাউর রহমান সুমন ব্যবহার করেন বাসুদেব দাস বাউলের গাওয়া ‘আটটা বাজে দেরি করিস না’ গানটি। মুক্তির অপেক্ষায় থাকা ‘রইদ’ সিনেমায় থাকছে কানাই দাস বাউলের একটি গান। তবে কোন গান, তা এখনই বলতে চাইলেন না নির্মাতা। জানালেন, শিগগিরই প্রকাশ পাবে গানটি।

সুমন জানান, গত বছর ‘রইদ’ সিনেমার জন্য গানটি রেকর্ড করেন কানাই দাস বাউল। গানটি প্রস্তুত হওয়ার পর শুনতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেটা আর হলো না। সুমন বলেন, ‘কানাই দাস বাউল চলে গেলেন, আমাদের কাছে রেখে গেলেন তাঁর গাওয়া শেষ গান! গত বছর “রইদ”–এর গান রেকর্ডিংয়ের সময় তাঁর সঙ্গে কথা হচ্ছিল। বললাম, আপনি কি সিনেমায় আগে গান করেছেন? বললেন, কেউ ডাকেনি তো! মাতান চাঁদ গোঁসাইয়ের এই গান তাঁর কণ্ঠে বহুবার শুনেছি। কিছুদিন পর গানটি প্রকাশ পাবে। শেষ হওয়ার পর শুনতে চেয়েছিলেন। আর শোনা হলো না তাঁর।’

ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ‘রইদ’–এর প্রথম গান ‘রইদে আইলা গা জুড়াইতে’। গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন সহজিয়া ব্যান্ডের রাজীব আহমেদ রাজু। সংগীত পরিচালনা করেছেন রাশীদ শরীফ শোয়েব। ‘রইদ’ সিনেমায় অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category